বান্দরবানে সন্ত্রাসী আস্তানা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ডিভাইস জব্দ
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়ায় অভিযান চালিয়ে ড্রোন, বোতাম ক্যামেরা ও সিগন্যাল জ্যামারসহ বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস ও বিপুল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
গহীন জঙ্গলে আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ নিয়ে দেয়া বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও/ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ০১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি কি ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীণ,২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা, ২টি এন্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, ১টি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং রসদ সামগ্রী উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৯ বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, দোপানিছড়া এলাকার আনুমানিক সাড়ে পাঁচ কিলোমিটার দক্ষিণপূর্ব সীমান্তসংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে অবস্থিত ওই আস্তানায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অবজারভেশন পোস্ট, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজসহ আস্তানা ধ্বংস করা হয়েছে।







